সারাদেশ

শ্রীবরদীতে সরকারি খাল দখলমুক্তের দাবিতে পৌরবাসীর মানববন্ধন

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ৭:৩৯:৫৩ প্রিন্ট সংস্করণ

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সরকারি খাল দখল ও ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। খালটি দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের দাবিতে রোববার (২ আগস্ট) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি অবৈধভাবে দখল ও ভরাট হওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে।
বক্তারা অভিযোগ করেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় চৌরাস্তা, মধ্য বাজার, উত্তর বাজারসহ আশপাশের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, জিয়া খাল নামে পরিচিত এ খালটি একসময় খেয়াঘাট নামে পরিচিত ছিল। সরকারি রেকর্ডে খাল হিসেবে উল্লেখ থাকলেও পরবর্তী সময়ে কীভাবে ব্যক্তি মালিকানায় অন্তর্ভুক্ত হলো, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাঈদ, বিএনপি নেতা আনিসুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন শাহাজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন ও হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর শাহজাহান কবির, পরিবেশকর্মী আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ, নারী নেত্রী রিনা বেগম, ছাত্রদল নেতা রাফিসহ শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন থেকে সরকারি খালটি দ্রুত দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST