প্রতিনিধি 24 November 2026 , 9:57:58 প্রিন্ট সংস্করণ
বাউফলে মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেলে কৃষকের দোরগোড়ায় মাটি পরীক্ষা ও পরামর্শ।

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেল’ ব্যবহার করে কৃষকদের দোরগোড়ায় কৃষি পরামর্শ ও মাটি পরীক্ষার সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ বা ‘পার্টনার’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসকে এই ভেহিকেল সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বিঘ্ন ফসল উৎপাদন নিশ্চিত করতে উপজেলা কৃষি অফিস নিয়মিত মাঠে কাজ করছে। মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেলের সঙ্গে থাকা মিনি সয়েল টেস্টিং কিটের মাধ্যমে মাঠে গিয়েই কৃষকের জমির মাটি পরীক্ষা করা হচ্ছে। এতে মাটির পিএইচ (pH), নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মাত্রা তাৎক্ষণিকভাবে নির্ণয় করে প্রয়োজনীয় সার সুপারিশ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাটিতে লবণাক্ততার উপস্থিতিও যাচাই করা যাচ্ছে।
বাউফল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় প্রাপ্ত মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেল ব্যবহার করে কৃষকের মাঠে গিয়ে মাটি পরীক্ষা ও সার সুপারিশ প্রদান করা হচ্ছে। এতে মাটি পরীক্ষার জন্য কৃষকদের আর বরিশাল বা পটুয়াখালী যেতে হচ্ছে না; ফলে তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। পাশাপাশি এই ভেহিকেলের মাধ্যমে খুব সহজেই মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন ও কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া রিজভী লিমনসহ স্থানীয় ২০ থেকে ২৫ জন কৃষক উপস্থিত ছিলেন।












Design & Developed by BD IT HOST