প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৭:৫২:২৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন, গ্রীষ্মকালীন সবজি, লেবু, হাইব্রিড মরিচ ও বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন চারা ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২ জুলাই ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রায় তিন শতাধিক কৃষক-কৃষাণীর উপস্থিতিতে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ১১২ পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি), সেরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া রিজভী লিমন, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাবিবুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার মোট ৪,০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আমন প্রণোদনা বিতরণ করা হবে। এর মধ্যে প্রতিজন কৃষক পাবেন ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া পুনর্বাসন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার চারা পাবেন ১,৫০৫ জন কৃষক এবং হাইব্রিড মরিচ চাষের জন্য প্রণোদনা পাবেন ৩৫০ জন প্রান্তিক কৃষক।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কৃষিই সমৃদ্ধি। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি সচল রাখতে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান সরকার ও প্রশাসন কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে বাউফলের কৃষকেরা ফসল উৎপাদন বাড়িয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সুবিধাভোগী কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত মানের বীজ, সার ও চারা তুলে দেন। সরকারি এই সহায়তা পেয়ে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


















Design & Developed by BD IT HOST