প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৯:১৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের একদিন পর মো. শাকিল মৃধা (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাকিল মৃধা আদাবাড়ীয়া ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। তিনি ঢাকা–বাউফল–দশমিনা রুটে চলাচলকারী একটি পরিবহনের আদাবাড়ীয়া কাউন্টারের দায়িত্বে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেননি শাকিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবনের পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা ও শীতের পোশাক পরিহিত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেন।
নিহতের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা অভিযোগ করে বলেন,আমার ভাইকে অত্যন্ত নিষ্ঠুর ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। শাকিলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


















Design & Developed by BD IT HOST