প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৫ , ৯:৫১:৫৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রতিনিধি:
৬ দফা দাবিতে চট্টগ্রামেও সড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১১টা থেকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ পালন করেন তারা। এতে সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিন দুপুর আড়াইটার দিকে যানবাহন চালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে।
সরেজমিন দেখা যায়, নগরীর ব্যস্ততম ২ নম্বর গেট মোড়ে বসে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে বাঁশ ফেলে ও দড়ি টাঙিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। শিক্ষার্থীদের একটি অংশ ২ নম্বর গেট মোড় সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ওপর অবস্থান নেন। এতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামলী, এমআইটিসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে যোগ দেন। তাদের ‘নন টেক মুক্ত করো, কারিগরি পথ খুলো,২৪ আমার অহংকার, কারিগরি আন্দোলন আমার অহংকার,মামা এখন মাস্টার, মামার বাড়ির আবদার,এক, দুই, তিন, চার, কারিগরিতে দুর্নীতি ছাড়’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন, ব্যবহারিক ক্লাশের প্রশিক্ষক পদের নাম ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ না করা, আধুনিক ল্যাব স্থাপন ও জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতিতে বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে গত মার্চে আন্দোলন করেছিলাম। সেই সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। মানববন্ধন-সমাবেশ করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আবারও আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিল। পুলিশ তাদের সড়ক ছাড়ার জন্য অনুরোধ করলেও তারা সেটা মানছিল না। দুই ঘণ্টা পর তারা সড়ক ছেড়েছেন। এরপর এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’












Design & Developed by BD IT HOST