প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ৬:২৯:০৩ প্রিন্ট সংস্করণ
নজরুল নগর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোল্লা আসাদুর রহমান রুবেল।

ভোলা প্রতিনিধি॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নম্বর অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোল্লা আসাদুর রহমান রুবেল। ‘শাসক নয়, জনগণের সেবক’—এমন প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যে তিনি স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছেন।
মোল্লা আসাদুর রহমান রুবেল নজরুল নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লাবাড়ির সন্তান। ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে সহযোগিতা করে স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির খবরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেবেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। বিপদে-আপদে তাকে সহযোগিতার হাত বাড়াতে দেখা যায়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।
আরেক বাসিন্দা বলেন, এলাকায় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো দরকার। রুবেল চেয়ারম্যান হলে এ বিষয়ে উদ্যোগ নেবেন—এমন প্রত্যাশা আমাদের।
চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে মোল্লা আসাদুর রহমান রুবেল বলেন, আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। জনগণের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ আমাকে সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।
এদিকে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে। আগামী নির্বাচনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















Design & Developed by BD IT HOST