সারাদেশ

কাজিপুরে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, সহকারী শিক্ষক নজরুলের বিরুদ্ধে তদন্তের দাবি

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৭:৪৬:৪০ প্রিন্ট সংস্করণ

কাজিপুরে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, সহকারী শিক্ষক নজরুলের বিরুদ্ধে তদন্তের দাবি।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নের জুমার খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীর পরিবার ও কয়েকজন অভিভাবক।
অভিযোগকারী পরিবারের দাবি, ওই শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন এবং তাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন। একই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এ ধরনের আচরণের অভিযোগ উঠেছিল বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো কোনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।
অভিভাবকদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি।লিখিতভাবে অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে দেখে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে প্রকাশ করা হবে।
এ বিষয়ে এখনো কোনো তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
শিশুটির নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তার নাম, ছবি, অভিভাবকের পরিচয় ও বিস্তারিত ঠিকানা প্রকাশ করা হয়নি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST