বরিশাল

শাসন নয়, সেবা, বাউফলকে আধুনিক ও মানবিক জনপদ গড়ার ৮ দফা অঙ্গীকার ড. শফিকুল ইসলাম মাসুদের

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাবাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বাউফলের উন্নয়নে ৮ দফার এই মহাপরিকল্পনা তুলে ধরেন।
ইশতেহারে ডক্টর মাসুদ আগামী দিনের বাউফলকে একটি ‘আধুনিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ঘোষিত ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা হলো:

দুর্নীতি ও অপরাধ দমন: দায়িত্ব গ্রহণের ৬০ দিনের মধ্যে মাদক ও চাঁদাবাজি নির্মূলে বিশেষ কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে প্রশাসন থেকে সকল প্রকার দুর্নীতি উপড়ে ফেলার অঙ্গীকার।

দীর্ঘ প্রতীক্ষিত বগা সেতু বাস্তবায়ন, কালাইয়া-পটুয়াখালী-বগা-বাহেশ্বর সড়ক টু-লেনে উন্নীতকরণ এবং নদী ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক ও বাঁধ নির্মাণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা থেকে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা।

বেকারত্ব দূর করতে স্থানীয় শিল্পকারখানা স্থাপন ও উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি।

পরিবেশ ও কৃষি: দখলকৃত খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের সহায়তায় আধুনিক বাজার ব্যবস্থাপনা ও কৃষি ঋণ সহজীকরণ।

ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা ও নাগরিক সেবা অ্যাপের মাধ্যমে বাউফল পৌরসভাকে একটি স্মার্ট শহরে রূপান্তর।

নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি: উত্তর বাউফলের নিরাপত্তায় স্থায়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার স্টেশন স্থাপন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের মন্দির সংস্কার ও শ্মশানঘাট নির্মাণের প্রতিশ্রুতি।
নারী ক্ষমতায়নে ‘স্বাবলম্বী নারী—সমৃদ্ধ বাউফল’ প্রকল্প এবং সাংবাদিকদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন।
উন্নয়ন প্রকল্পের অর্থের হিসাব জনগণের সামনে পেশ করা হবে। আমি শাসক হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে বাউফলের প্রতিটি ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, খিলাফত মজলিসের প্রতিনিধি আইউব বিন মুসা এবং এবি পার্টির অ্যাডভোকেট রুহুল আমিনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাউফলের সাতজন শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দান করে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST