শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাশিশুর জন্ম দিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ওই কন্যা শিশুটির মা হন তিনি। ঘটনা জানাজানির পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কেউ ওই নারীর পরিচয় জানেন না।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। রাতে তিনি লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ঘুমাতেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ স্কুল ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয়রা ছুটে যান। গিয়ে দেখেন- ওই নারী একটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। তারা মা ও নবজাতককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবার ও প্রাথমিক সেবা প্রদান করেন। শিশুটি সুস্থ থাকলেও মা দুর্বল হয়ে পড়েছেন।
এ ব্যাপারে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী বলেন, বাচ্চা প্রসবের খবর পেয়ে আমরা সামাজিকভাবে শিশুটির আলাদা সেবার ব্যবস্থা করেছি। শিশুর প্রতি আমরা সবাই মায়া অনুভব করেছি। মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে। এখন তাদের সেবা প্রয়োজন। তবে দীর্ঘমেয়াদি সেবা ও নিরাপত্তার জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শ্রীবরদী সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছি। হাসপাতালে সমাজসেবা শাখা রয়েছে। তারাই চিকিৎসা সহায়তা দেবে। এরপর নবজাতক ও ওই নারীর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান বলেন, মা ও নবজাতকের নিরাপত্তা-সেবা নিশ্চিত করতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হবে। এছাড়াও ওই নারীর ঠিকানা সম্পর্কে খোঁজ নিতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা