অনলাইন ডেক্স:
ঢাকা-৮ আসনের নির্বাচনি লড়াইয়ে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ভোটের লড়াইয়ের মাঠ থেকে দৃশ্যপট বদলে গেল এই আলাপচারিতায়।
বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্রে অংশ নেন ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা।
এদিন দুপুরে মেঘনা আলমের নির্বাচনি প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াত গ্রহণ করেছেন মেঘনা আলম। তবে ভোটের ঠিক আগমুহূর্তে এই সৌজন্য সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যের কথা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি।
মির্জা আব্বাসের বাসায় যাওয়ার পর মেঘনা আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশ হাসিখুশি দেখা গেছে।
নির্বাচনি প্রচারের এই ব্যস্ত সময়ে দুই প্রার্থীর এমন বৈঠককে সাধারণ সৌজন্য হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতে, এটি কোনো বিশেষ কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা