লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জের মিল্লাত হোসেন (৪২) নামের এক মালয়েশিয়া প্রবাসী নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে প্রবাসে পাড়ি জমানো এই রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ সময় সকাল ১০টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। কুয়ালালামপুরে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিনও তিনি কর্মস্থলে কাজে যোগ দেন। কাজ করার একপর্যায়ে মালয়েশিয়ার সময় অনুযায়ী ভবনের ১০ তলার ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও পদ্মাবাজারের মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন জানান, কাজের সময় ১০ তলা থেকে পড়ে ভাইয়ের মৃত্যুর এমন সংবাদ শুনতে হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি।
হঠাৎ এই মৃত্যুর সংবাদ রামগঞ্জে পৌঁছালে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শুরু হয় অন্তহীন কান্নাকাটি। পুরো হাসনাবাদ এলাকায় শোকের মাতম বিরাজ করছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, নিহত প্রবাসীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে নিজ বাড়িতে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা