ভোলা-বাউফল সেতু ও টেকসই বেড়িবাঁধের দাবিতে ধুলিয়ায় ৫ কিঃমিঃ এলাকা জুড়ে বিশাল মানববন্ধন ও সংবাদ সম্মেলন
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে ভোলা (ভেদুরিয়া) ভায়া খুলিয়া পটুয়াখালী সেতু নির্মাণ এবং তেতুলিয়া নদীর ভাঙন থেকে ধুলিয়া ইউনিয়ন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের লঞ্চঘাট নামক স্থানসহ প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সর্বদলীয় হাজার হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন ও আলোচনা কর্মসূচি শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, এই দাবি কোনো ব্যক্তি স্বার্থে নয়, বরং দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ জীবন ও সার্বিক উন্নয়নের স্বার্থেই আজকের এই ঐক্য। ভোলা (ভেদুরিয়া) বিশ্বরোড থেকে একটি কার্যকর সড়ক যোগাযোগ ব্যবস্থা ধুলিয়া (পটুয়াখালী) স্পর্শ করে বাকেরগঞ্জ হয়ে বরিশালের সঙ্গে যুক্ত করা হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অর্থনৈতিক রুট সৃষ্টি হবে। এই প্রস্তাবিত রুট বাস্তবায়িত হলে প্রায় ৬টি জেলা ও ২৫টি উপজেলার লাখো মানুষের চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল হবে। সেই সঙ্গে যোগাযোগ ব্যয় হ্রাসের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
পাশাপাশি, তেতুলিয়া নদীর জোয়ার-জলোচ্ছ্বাস ও পানি বৃদ্ধিতে প্রতিনিয়ত প্লাবিত হওয়া ধুলিয়া ইউনিয়ন রক্ষায় অবিলম্বে বিজ্ঞানসম্মত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়। নদীভাঙন ও বন্যার কারণে এলাকার কৃষকের ফসলি জমি নষ্ট হওয়া, মাছের ঘের ভেসে যাওয়া এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুর্ভোগ তুলে ধরা হয়।
দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এবং সার্বিক যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও পরিকল্পনা কর্তৃপক্ষের নিকট বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানান স্থানীয় এলাকাবাসী ও নেতৃবৃন্দ।
মানববন্ধনে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ মোজাম্মেল হোসেন মফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার। এসময় স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।
এসময় মানববন্ধনে ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ,উপজেলা বিএনপি,ধুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা জামায়াত ইসলামী, ধুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা