পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমির শিকদার (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের বিশ্বাস বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের মৃত সত্তার শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, আমির তার চাচাতো ভাই নজরুল ইসলামকে বরিশালগামী বাসে তুলে দেওয়ার জন্য মোটরসাইকেলে করে হেতালিয়া বাঁধঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বিশ্বাস বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমির ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম শোকাতুর কণ্ঠে বলেন,আমার বরিশালে পরীক্ষা ছিল। আমির আমাকে পৌঁছে দিতেই বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু পথেই সব শেষ হয়ে গেল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ সন্ধ্যায় পটুয়াখালী সদর হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা