বাউফলে সার নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা: সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে দাবি কৃষি কর্মকর্তার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
সম্প্রতি দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে পত্রিকাটিতে"পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার"শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।
প্রতিবাদলিপিতে বাউফল উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন দাবি করেন, সংবাদে দাবি করা হয়েছিল-উপজেলার কেশবপুর ইউনিয়নের কৃষক শাহজাহান খাঁ কালিশুরী ইউনিয়নের ডিলারের কাছে সার কিনতে গেলে তাকে সার দেওয়া হয়নি। অথচ সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন কোনো কৃষক তাঁর কাছে সার কিনতে যাননি। নিয়ম অনুযায়ী কেশবপুর ইউনিয়নের একজন কৃষক ওই এলাকার ডিলারের নিকট থেকেই সার ক্রয় করার কথা। বর্তমানে কেশবপুরের ডিলারের কাছে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।
তিনি আরও জানান, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে বেশি দামে সার বিক্রির সুনির্দিষ্ট কোনো অভিযোগ কখনোই আসেনি। উপজেলায় বর্তমানে সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সাব-ডিলারদের কাছেও পর্যাপ্ত সার সরবরাহ আছে। সংশ্লিষ্ট সার পরিদর্শক প্রতিদিন সারের মজুদ ও সরকারি মূল্যে তা বিক্রয়ের বিষয়টি নিয়মিত মনিটরিং করছেন। এ ধরনের কোনো অনিয়মের ঘটনা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ করে, প্রকাশিত সংবাদে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা আদতে কোনো সারের বস্তার ছবিই নয়, বরং তা আটা বা ময়দার বস্তার ছবি—যা অসদুদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে।
একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে জানানো হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সারের মজুদ, নিয়মিত উত্তোলন, সঠিক সরবরাহ এবং সরকার নির্ধারিত মূল্যে বিতরণের ব্যাপারে সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এসব বক্তব্য সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বিব্রত করার অপচেষ্টা মাত্র উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা