পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছাপিয়ে পটুয়াখালীর বাউফলে নেমে এসেছে শোকের মাতম। ঈদের ছুটিতে পৃথক তিনটি দুর্ঘটনায় এক শিশু ও পল্লী বিদ্যুৎ কর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার থেকে সোমবারের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
ট্রলার বাঁচাতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন (শনিবার, ২১ মার্চ) তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়া একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবুল সিকদার (৬৫) নামের এক বৃদ্ধ জেলে। তিনি ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। নিখোঁজের পরদিন রোববার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ি ঘাট সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশুর
এদিকে, ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী এলাকায়। সোমবার (২৩ মার্চ) শৌলা এলাকায় তেঁতুলিয়া নদী থেকে আরাফাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, নুরুল হকের ছেলে আরাফাত ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। অন্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নয়ারহাটে এলাকায় পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু
একই দিন (সোমবার) উপজেলার নওমালা ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তপন দাস (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তপন দাস দশমিনা পল্লী বিদ্যুৎ অফিসে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পৃথক এই তিনটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা