পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদরঘাট নামক এলাকার দখিনে পালোয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সাইদুর রহমান পালোয়ান (২৫) ও সুলতানা পালোয়ানের অভিযোগ, দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাইদুরের বসতবাড়িতে প্রবেশ করে ঘরে হামলা চালায়। এতে তাদের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাইদুর রহমান।
এদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা মারধরের দাবি করেছে প্রতিপক্ষ সফিউল্লাহ (২২)। অভিযোগ করেন, দুপুর আনুমানিক ২টার দিকে সাইদুর রহমান পালোয়ান লাঠিসোটা ও 'স্বাপল' (ধারালো অস্ত্র) নিয়ে হঠাৎ আমার ওপর আক্রমণ করেন। এতে আমি আহত হই। শুধু তাই নয়, সাইদুর আমার ভাতিজা খায়রুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত খায়রুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা