
নতুন মজুরিতেও অসন্তোষ, নারায়ণগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
৩ কারখানায় ছুটি
অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরও পোশাক শ্রমিকদের অসন্তোষ কমেনি। মজুরি পুনর্মূল্যায়ন, গ্রেড উন্নীতকরণ ও ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে চাষাঢ়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এসব বিক্ষোভের ঘটনা ঘটে। তবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে ফারিহা নিটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
আশুলিয়ায় ২১ কারখানায় ছুটি, শ্রমিকদের হামলা-ইটপাটকেল নিক্ষেপ
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নির্ধারিত মজুরি বাস্তবসম্মত নয় এবং তা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরও বাড়ানোর দাবি জানান তিনি।
তবে শ্রমিক আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সমর্থন করেন না জানিয়ে এম এ শাহীন বলেন, শান্তিপূর্ণভাবেই শ্রমিকদের দাবি আদায়ের পক্ষে তারা।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় ৩টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তাদের দাবি, জ্যেষ্ঠ ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নীত করতে হবে এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকেরাও গ্রেড পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, কারখানাটি বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে উপস্থিত নেই। তবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা