ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মহাসড়কের পাশে স্তূপ করে রাখা খড়ের গাদায় মোটরসাইকেলের ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও নিহতের বাবা গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট-নজিপুর মহাসড়কের বিহারীনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান (৩৫) উপজেলার চকসুবল গ্রামের নুরুজ্জামানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত নুরুজ্জামানকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ধামইরহাট সদর থেকে বাবা ও ছেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ধামইরহাট-নজিপুর মহাসড়কের বিহারীনগর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে স্তূপ করে রাখা একটি খড়ের গাদার সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।
ঠিক ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলের পেছনে বসে থাকা আজিজার রহমানকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বাবা নুরুজ্জামান গুরুতর আহত হন। খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনার কারণ ও স্থানীয়দের ক্ষোভ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধামইরহাট-নজিপুর মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানীয় কৃষকেরা নিয়ম বহির্ভূতভাবে খড় শুকানো এবং রাস্তার ধার ঘেঁষে বড় বড় খড়ের গাদা তৈরি করে রাখছেন। যার ফলে প্রতিনিয়ত সড়ক সংকুচিত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সোমবার রাতের মর্মান্তিক দুর্ঘটনাটি এরই ফলশ্রুতি।
মহাসড়কে এ ধরনের অবৈধ খড় শুকানো এবং খড়ের স্তূপ উচ্ছেদে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা