অনলাইন ডেক্স:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ভোটের অধিকার ছিল না। ভোটের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে; তাই সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন নতুবা আপনাদেরও হাসিনার মতো পালাতে হবে।
বুধবার দিরাই থানা পয়েন্টে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ২টার দিকে দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরীকে নিয়ে মঞ্চে আসেন নাছির চৌধুরী।
তিনি বলেন, বিলাসী জীবনযাপন না করে এই এলাকার মানুষকে আপন করে সারাজীবন কাটিয়েছি, দিরাই শাল্লা নিয়ে আমার অনেক স্বপ্ন-প্রত্যাশা, জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই শাল্লাবাসীর পাশে থাকব।
সাবেক সাংসদ নাছির চৌধুরী বলেন, বিগত দিনে ইচ্ছা ও আন্তরিকতা থাকার পরও যারা আমাকে ভোট দিতে পারেননি; আশা করি এবার তারাও আমার পাশে থাকবেন।
তিনি বলেন, আমার ভাই-ভাতিজা পরিচয়ে কেউ যেন ফায়দা নিতে না পারে, এখানে আপনারাই আমার ভাই, আমার স্বজন। আমার দুটি সন্তান মঞ্চে বসে আছে। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার অবর্তমানে আপনারাই আমার সন্তানদের অভিভাবক৷ আমি চিকিৎসার জন্য বিদেশে যাব। আপনাদের দোয়া নিতে এসেছি৷ ইনশাআল্লাহ চিকিৎসা শেষে আবার আপনাদের মাঝে ফিরব। ইলেকশন করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
নাছির চৌধুরী বলেন, দিরাই-শাল্লার মানুষ আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা এক সময় আমাকে উপজেলা চেয়ারম্যান করেছেন, একবার এমপি বানিয়েছেন, আমি কখনো নিজের জন্য কিছু করিনি। আজ যখন চিকিৎসাধীন, তখনও আপনারা পাশে আছেন।
তিনি আরও বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করুন। সবাই মিলে দিরাই-শাল্লা থেকে বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দিতে চাই।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমআর মিজান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা বিএনপি নেতা আব্দুল আওয়াল, বিএনপি নেতা আব্দাই মিয়া, ফারুক সরদার, সাব্বির আহমেদ, সালাউদ্দিন, সাইফুল ইসলাম, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম, মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার আহ্বান জানান।
সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা