নলছিটি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। বিএনপির প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন ও মানুষের জীবনমানের পরিবর্তনের মাধ্যমে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউদ্দিন হায়দার বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আবু সাঈদ শহীদ হন। একে একে মুগ্ধ, ওয়াসিমসহ অসংখ্য মানুষ শহীদ হন। তাই আমাদেরকে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে।
তিনি বলেন, ঝালকাঠি জেলা উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ জেলার মানুষের উন্নয়নে ৮শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বরাদ্দে নলছিটি উপজেলাকে অগ্রধিকার দেওয়া হবে। নলছিটি-ঝালকাঠি যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সুগন্ধা নদীর ওপরে সেতু নির্মাণের প্রচেষ্টা চলমান রয়েছে। আশা করি, বিএনপি সরকার এ সেতু নির্মাণ করবে।
উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস সিকদার, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. এলিন সরদার, এনায়েত করিম মিশু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ব্যারিস্টার জাকারিয়া, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আজাদুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল আলম মান্না প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা