গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নূর হেলাল দলের সব পদ এবং দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট করার কথা উল্লেখ করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ পদত্যাগের কথা জানান।
এর আগে ২০২৫ সালের ৪ নভেম্বর এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার ১৬ সদস্যের সমন্বয় কমিটির ৫ নাম্বার যুগ্ম সমন্বয়কারী হিসেবে মেহেদী নূর হেলালকে মনোনীত করা হয়।
মেহেদী নূর হেলাল বলেন, আমি দীর্ঘদিন দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম এবং এনসিপি গোয়ালন্দ উপজেলা কমিটির একজন যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
এ পথচলায় দলীয় নেতা, সহযোদ্ধা, শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমানে জামায়াতের সঙ্গে জোট ও প্রতারিত হওয়ার কারণে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। পারিবারিক দায়িত্ব ও পরিস্থিতিকে এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন মনে করছি।
অতএব, আমি মেহেদী নূর হেলাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গোয়ালন্দ উপজেলার যুগ্ম সমন্বয়কারী পদসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এ সিদ্ধান্তটি কোনো আবেগের বশবর্তী হয়ে নয় বরং অনেক ভেবেচিন্তে ও বাস্তবতার নিরিখে নেওয়া। দলীয় স্বার্থে যত কিছু আমি বলেছি তা আমি তুলে নিচ্ছি আর দেশের স্বার্থে যা কিছু বলেছি, তাতে আমি অটুট। ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সবসময় ইতিবাচক চিন্তা ও শুভকামনা থাকবে।
এ বিষয়ে এনসিপি গোয়ালন্দ উপজেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এসএম সিরাজুল ইসলাম বলেন, তার পদত্যাগের বিষয়টি কিছুক্ষণ আগে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। কেউ চলে গেলে যেতে পারে, কোনো সমস্যা নাই।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা