পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ সোহান (২৫) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটেছে।
মৃত সোহান যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের মেহেদি হাসানের ছেলে। তিনি পেশায় পাওয়ারটিলার চালক ছিলেন।
পুলিশ বিষয়টি অবহিত না থাকলেও বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান সবদুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত সোহানের মামা শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, সকালে ভাগিনা সোহান তার ছোট পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে যায় বন্দবিলার মাঠে। মাঠে এখন কোথাও হাঁটু পানি, কোথাও এক বিঘতের মতো। মাঠে থাকা মোটরের বৈদ্যুতিক লাইনের একটি তার পানিতে পড়েছিল। সোহান পাওয়ার টিলার নিয়ে যাওয়ার সময় টিলারটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। মাঠে থাকা লোকজন তাকে প্রথমে খাজুরা বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার পল্লী চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা যশোর কোতোয়ালি থানায় তার মরদেহ যেন বিনা ময়নাতদন্তে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে বাঘারপাড়ার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবহিত নন বলে জানান।
পরে বন্দবিলা এলাকার দায়িত্বে থাকা বিট অফিসার এসআই মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনিও একই কথা বলেন।
যোগাযোগ করা হলে বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান সবদুল হোসেন খান বিদ্যুৎস্পৃষ্টে সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা