অনলাইন ডেক্স:
চাকরিতে প্রথম যোগদান থেকে স্থায়ীকরণ এবং চলমান পদোন্নতির প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণসহ চার দফা দাবি জানিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকরা।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পূরণে স্মারকলিপি দেন চিকিৎসকরা। এ সময় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. জাকির হুসেইন ও সদস্য সচিব ডা. মো. জাহীদ ইকবাল।
স্মারকলিপিতে বলা হয়, ২০১০-২০১১ সালে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পান তারা।পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকরা চাকরিতে প্রথম যোগদানের পর থেকে একাডেমিক, সামাজিক, অর্থনৈতিক বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমানে চলমান পদোন্নতি প্রক্রিয়ায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকদের পদোন্নতির প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার অপচেষ্টা চলছে। বিষয়গুলো অবহিতকরণ এবং যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন তারা।
যে চার দফা দাবি তাদের, সেগুলো হলো-
১. সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী (অ্যাডহক/প্রকল্প থেকে পরবর্তীতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসক) চাকরিতে যোগদানের তারিখ থেকে ক্যাডার পদে স্থায়ীকরণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করতে হবে।
২. স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ক্যাডার, প্রকল্প ও এডহক চিকিৎসকদের পদোন্নতি সমস্যা সমাধানে গঠিত কমিটির চলতি বছরের ১৪ জানুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার এবং নন-ক্যাডার চিকিৎসকদের শূন্যপদ, সুপারনিউমোরারি পদ এবং অন্যান্য পদে পদোন্নতি দিতে হবে।
৩. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত চিকিৎসকদের মধ্যে যাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নেই তাদেরকে নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে প্রশাসনিক পদে (ইউএইচএফপিও এবং ৬ষ্ঠ গ্রেডভুক্ত অন্যান্য পদ) পদায়নের ব্যবস্থা করতে হবে।
৪. সম্প্রতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত ইউএইচএফপিও এবং আরএমওদের মধ্যে যাদেরকে অন্যায়ভাবে মেডিকেল অফিসার/সহকারী সার্জন হিসেবে পদ অবনমন করে বদলি করা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে আদালতের রায় অনুযায়ী পূর্ব পদে বহাল করতে হবে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা