
ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা
অনলাইন ডেক্স'
জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক অর্থায়ন কাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন গ্লোবাল সাউথের নাগরিক সমাজের নেতারা। তারা বলেছেন, জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরই অধিকতর আর্থিক দায়িত্ব নিতে হবে। উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে জলবায়ু অর্থায়ন গ্রহণযোগ্য নয়। বরং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক সরকারি অর্থায়ন নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইড ইভেন্টে এসব দাবি তুলে ধরেন বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা। ‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ আয়োজনে বক্তারা বলেন, শুধু অর্থায়নের প্রতিশ্রুতি নয়, অর্থের উৎস, সরবরাহের সময়, শর্ত ও ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘোষিত অর্থ যেন সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে।
সাইড ইভেন্টে এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আন্তর্জাতিক তহবিল ও অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও সহজ প্রক্রিয়ায় অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এর সুফল পায়। একই সঙ্গে আন্তর্জাতিক তহবিলের অপেক্ষায় না থেকে গ্লোবাল সাউথের সরকারগুলোকে নিজস্ব বাজেট ও নীতিতে জলবায়ু অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।
ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়। এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কি না, জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশব্যবস্থার সহনশীলতা বাড়ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা ছাড়া উন্নয়নশীল দেশগুলোর পক্ষে অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতির ক্ষেত্রে কোন ভিত্তিবছর থেকে এ বৃদ্ধি হিসাব করা হবে, অর্থের উৎস কী, কারা দেবে, কখন দেয়া হবে এবং অর্থায়নের ধরন কী হবে, তা স্পষ্ট করতে হবে।
অক্সফামের মারিয়ানা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক সমাধান নিতে হবে। পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের প্রয়োজন, গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। বিদ্যমান পরিকল্পনাগুলো নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে।
কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, জলবায়ু অর্থায়নে বড় অঙ্কের প্রতিশ্রুতি শুনলেও অর্থের উৎস, সরবরাহের সময়, শর্ত, সুবিধাভোগী এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন আসবে, সেসব প্রশ্নের উত্তর থাকতে হবে। গ্লোবাল সাউথের দেশগুলো দাতব্য সহায়তা নয়, জলবায়ু ন্যায়বিচার চায়।
তিনি বলেন, জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশের অবদান সবচেয়ে কম, সেই সংকট থেকে নিজেদের জনগণকে রক্ষা করতে তাদের আরও ঋণ নিতে বাধ্য করা যায় না। ঋণের বোঝা বাড়ায় এমন জলবায়ু অর্থায়ন গ্রহণযোগ্য নয়। একইভাবে এমন আর্থিক ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়, যেখানে ঋণদাতাদের স্বার্থ সুরক্ষিত থাকে, অথচ সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষিত হয়।
বক্তারা আরও বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন বাড়ানোর পাশাপাশি অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে। বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়ানোরও আহ্বান জানান তারা।
এপিএমডিডি ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, এলডিসি ওয়াচ নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সাইড ইভেন্ট সঞ্চালনা করেন এলডিসি ওয়াচ নেপালের রেশমা শাক্য। এতে এপিএমডিডির অ্যালেন জন কার্পিওসহ বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা