ঢাকা উত্তরা প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ সাংবাদিক। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা জসিমউদ্দীন মেইন রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দৈনিক ‘আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’ পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান সাকিব।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপ খেলা দেখে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে উত্তরা জসিমউদ্দীন মেইন রোডে পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই সাংবাদিকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিহতদের সহকর্মীরা জানান, রাজু ও সাকিব অত্যন্ত নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক ছিলেন। তাদের এমন অকাল মৃত্যু গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকাবহ এই পরিস্থিতিতে সহকর্মীরা প্রশ্ন তুলেছেন, আর কত প্রাণ ঝরে গেলে নিরাপদ সড়ক নিশ্চিত হবে? তারা অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের কাজ চলছে। ঘাতক বাসটি জব্দসহ চালককে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফিরদাউস নসিবের প্রার্থনা জানানো হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা