অনলাইন ডেক্স:
শীর্ষ মাদককারবারি শামীমের সঙ্গে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগে সাভার মডেল থানার ওসি ইমরান আলিসহ পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহারের পর এবার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকেও ক্লোজ করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এর আগে একই অভিযোগে সাভার মডেল থানার এসআই মনিরুল ইসলাম, এএসআই আসিফুর এবং এএসআই মো. মেরাজকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
যোগাযোগ করা হলে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সাভার মডেল থানার ওসিসহ ক্লোজ করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার যেসব তথ্য এসেছে সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে বিধি মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার প্রধান আসামি ও সাভারের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করা হয়নি।
এর আগে সাভারে সাংবাদিকদের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার তথ্য দিয়ে সাহায্য করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
গত ২৬ মে পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা তথ্য দেন- ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আইজি আছেন, এখনই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সাভার পৌর এলাকার রাজাশনে মাদক আখড়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ২২ মে বিকালে চার সাংবাদিক গুরুতর আহত হন। মাদককারবারি শামীম ও তার সহযোগীদের হামলায় তারা গুরুতর আহত হন।
আহতরা হলেন- এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিনসহ তাদের ক্যামেরা পারসন। আহতদের প্রথমে সাভার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
সাভারের এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম সোমবার যুগান্তরকে জানান, এসব ঘটনায় তদন্ত কমিটি গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে ওসি ইমরান আলীর পর সর্বশেষ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকেও পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ নিয়ে সাভার মডেল থানার উচ্চপর্যায়ের ৫ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা