বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে দেওয়া তার একটি বক্তব্যকে ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন।
তিনি বলেছেন, তিনি কেবল একটি নির্দিষ্ট ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এটি ভুল ব্যাখ্যা করে দেশব্যাপী হয়রানিমূলক মামলা প্রত্যাহার বা দায়ের না করার বিষয়ে বক্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছে, যা ‘অত্যন্ত দুঃখজনক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। তার ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেছেন যে, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না।
তিনি আরও বলেছেন, এই নির্দিষ্ট ইউনিয়নে (মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ইউনিয়নে অবস্থিত) হয়রানিমূলক কোনো মামলা হলে তারা তা তুলে নেবেন,কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, তিনি দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য প্রদান করেছেন; যা মোটেও সঠিক নয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও দলের নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা